বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য বাড়ানোর আশা করছেন দেশের ব্যবসায়ীরা। দেশটিতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে তাদের বিনিয়োগও চান তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ৪-৯ আগস্ট ভিয়েতনাম সফর করবে। এ সময় তারা দেশটির কাছ থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর জন্য লটি ভিয়েতনামের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার বলছে, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ভিয়েতনামের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারের লক্ষ্যে তারা এ সফর করবে। আশরাফ আহমেদের নেতৃত্বাধীন ঢাকা চেম্বারের প্রতিনিধিদলটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসরকারি খাতে সর্ববৃহৎ বাণিজ্য প্রতিনিধিদল হিসেবে ভিয়েতনাম সফর করবে, যার মাধ্যমে ভিয়েতনামের বাজারে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ, ভিয়েতনামের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি আশিয়ানভুক্ত অন্য দেশগুলোয় আমাদের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে।’
আশিয়ান অঞ্চলের এ দেশটির সঙ্গে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ১ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১ দশমিক শূন্য ১ বিলিয়ন ও ৯৬ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। তবে, ভিয়েতনামের পাশাপাশি আয়িশানভুক্ত অন্য দেশগুলোয় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে আমাদের রপ্তানি আরও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সম্ভাব্য যাচাই ও দুদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে এ সফরের অন্যতম উদ্দেশ্য। ডিসিসিআই সভাপতির নেতৃত্বে এই বাণিজ্য প্রতিনিধিদলে আর্থিক খাত, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, স্বাস্থ্যসেবা, কেমিক্যাল, সিরামিক, তথ্য-প্রযুক্তি, লজিস্টিকসহ উৎপাদনমুখী ও আমদানি-রপ্তানি খাতের দেশের স্বনামধন্য ব্যবসায়ীরা ভিয়েতনাম সফর করবেন।
সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি ভিয়েতনামের বিনিয়োগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে। এ ছাড়া ভিয়েতনাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টার’, চেম্বার অব কমার্স ফ্রান্স-ভিয়েতনাম’, ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এ ডিসিসিআইয়ের প্রতিনিধিদলটি অংশগ্রহণ করবে। পাশাপাশি ভিয়েতনামের থাই বিন প্রদেশ এবং হো-চি-মিনসিটিতে অনুষ্ঠিতব্য বিজনেস-ম্যাচ-মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবে বাংলাদেশের উদ্যোক্তারা।
ডিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধিদলটি ভিয়েতনামের ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক এবং হো-চি-মিনসিটিতে অবস্থিত সমুদ্রবন্দর সফর করবে, যা প্রতিনিধিদলের সদস্যদের টেকনিক্যাল নো-হাউ’ ও শিল্প খাতের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সম্যক ধারণা দেবে।
প্রতিনিধিদলটি ৪ আগস্ট ঢাকা ত্যাগ করে আগামী ৯ আগস্ট ঢাকা ফিরবে।
