দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে পথেও নামতে চেয়েছিলেন এই অভিনেত্রী। রাজধানীর উত্তরায় যেকোনো কাজে তিনি থাকতে চান। অবশেষে সত্যিই রাস্তায় নেমে এলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী। রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি।
এ বিষয়ে দেশ রূপান্তরকে পারসা ইভানা বললেন, ‘আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না। শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম। এজন্য পোস্টও দিয়েছিলাম। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম। দেয়ালে দেয়ালেও ছবি আঁকলাম। নতুন বাংলাদেশের ছবি আঁকছি। সেই দুপুর ১২টায় বেরিয়েছি, এখন বিকেল ৫টায় ফিরলাম।’
নতুন রঙে উত্তর নামে একটি সংগঠনের মাধ্যমে এই কাজে অংশ নেন তিনি। দেয়ালে দেয়ালে নানা রঙের নানা মাত্রার ছবি এঁকেছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ছবি আঁকতেও পারেন এতে নেটিজেনরাও বিস্মিত হয়েছেন। এ বিষয়ে পারসা ইভানা বলেন, আমার মায়ের কাছ থেকে ছবি আঁকা শিখেছি। যখন আমি চতুর্থ শ্রেণিতে পড়ি, তখন থেকেই ছবি আঁকি।
শুধু আঁকাআঁকিই নয়, যেসব শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের জন্য খাবারও সরবরাহ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। বললেন, আমি দেখছি তারা সারা দিন রাস্তায় রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমার মনে হলো তাদের জন্য কিছু করি, তাই তাদের খাবার ব্যবস্থাও করেছি, পানির ব্যবস্থা করেছি।
