আজ সাঈদের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৩:৩৮ এএম

ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ শনিবার পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যাবেন। এ সময় আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি।

এ ছাড়া প্রধান উপদেষ্টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

এর আগে গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে। এরপর গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিকে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পরদিন গতকাল কয়েকটি জাতীয় পত্রিকায় ড. ইউনূসের ছবি ব্যবহার করে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এ নিয়ে গতকাল সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বা প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত