বাধ্যতামূলক অবসরে মনির হাবিবসহ চারজন

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:৩৯ এএম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় পুুলিশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। এসবির প্রধান ও ডিএমপির সাবেক কমিশনারসহ চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি সিআইডির প্রধানকে ওএসডি করা হয়েছে। এর আগে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন আইজিপি নিয়োগ করা হয়েছে।

সর্বোচ্চ পর্যায়ে রদবদল ছাড়াও ঢাকা মহানগর পুলিশের ১৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঢাকার বাইরে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর আলাদা দুটি প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে এই রদবদল করা হয়।

এদিকে, পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে গতকাল রাতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে এসবি প্রধানের (চলতি) দায়িত্ব দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যায় বাধ্যতামূলক অবসরে দুই কর্মকর্তা : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকান্ডের সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।

১২ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি : সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এপিবিএন-৩-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, এপিবিএন-৭-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইপ্রধান হলেন তওফিক মাহবুব : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের (ডেভেলপমেন্ট) অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন তিনি।

ডিএমপির ১৮ থানার ওসি বদলি : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৮ থানার ওসিকে বদলি করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার বিএম ফরমান আলীকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, শাহবাগ থানার মো. মোস্তাজিরুর রহমানকে বরিশালের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, তেজগাঁও থানার মোহাম্মদ মহসীনকে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গুলশান থানার মো. মাজহারুল ইসলামকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পল্টন থানার মনির হোসেন মোল্লাকে রংপুর রেঞ্জে বদলির আদেশ বাতিল করে সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মতিঝিল থানার মো. আবুল কালাম আজাদকে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও পল্লবী থানার অপূর্ব হাসানকে ঠাকুরগাঁওয়ের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. আবু সাঈদ আল মামুনকে চট্টগ্রাম রেঞ্জের বান্দরবানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আনিচুর রহমান মোল্লাকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কাজী মাইনুল ইসলামকে নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, শেখ শাহানুর রহমানকে খাগড়াছড়ির এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আবু আনসারকে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ রিজাউল হককে সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ জহিরুল ইসলামকে ঢাকায় এসবিতে বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, কাজী আবুল কালামকে ঢাকা রেঞ্জে বদলির আদেশ বাতিল করে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, মুন্সী সাব্বির আহমদকে লালমনিরহাটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. মাহাবুব রহমানকে গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বিএম মশিউর রহমানকে রাঙ্গামাটির এপিবিএন পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে।

পুলিশের পোশাক-লোগো পরিবর্তনে কমিটি গঠন : পুুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদ, অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) মোহাম্মদ শিহাব কায়সার, পুলিশ সুপার (এপিবিএন) আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (লজিস্টিকস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ) জুয়েল রানা, পুলিশ পরিদর্শক (সিআইডি) মো. জাহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মো. সান্টুর রহমান ও কনস্টেবল বরকত উল্লাহ। কমিটি ইউনিফর্ম তৈরির কাপড়ের মান, ইউনিফর্মের ডিজাইন তথা যেকোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত