মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

দুই ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:১৩ এএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হাসপাতালের আশপাশে থাকা ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ভোক্তা আইনবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম, ড্রাগ সুপার কার্যালয়, চট্টগ্রাম এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর বলছে, ভোক্তা আইন লঙ্ঘন করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন জমজম ফার্মেসিকে ১ লাখ এবং মেসার্স সাহান মেডিকোকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের অতিরিক্ত মূল্য নির্ধারণ ও আমদানিকারকের তথ্য গোপন করায় তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত