আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিট

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৬:৩৩ এএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার সংগঠন ‘সারডা সোসাইটি’র পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গতকাল সোমবার এ রিট আবেদনটি করেন। তিনি জানান ইতিমধ্যে আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে কার্যতালিকায় এসেছে। আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবসহ বেশ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনের বরাতে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতারা পুলিশ বাহিনীকে গুলি করতে উসকে দিয়েছেন। আর শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়েছে। ব্যাপক মানুষ হত্যার শিকার হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন বছর করতে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা, বিদেশে পাচারকৃত ১১ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা এবং সারা দেশে যেসব প্রতিষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে সেগুলো পরিবর্তন করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত