ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তে জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে। জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদলের সফরের পর আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তারা মূলত চূড়ান্তভাবে এসব হত্যার তদন্ত করবে।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, কারিগরি বিশেষজ্ঞ টিম তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর পর ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলেন। লুইস পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে। তাদের ম্যান্ডেট (রাজনীতি) কী হবে, কীভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রতিনিধিদল প্রাথমিক তদন্তের কাজের পাশাপাশি তাদের টার্মস অব রেফারেন্স (কাজের পরিধি), কাজের সময় সীমাসহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগেও জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে। এ সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এ অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে, তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।
