দালাইলামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক, উদ্বেগে চীন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১২ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিউ ইয়র্কে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাইলামার সঙ্গে বৈঠক করেছেন। গত বুধবার এ বৈঠক হয়। বৈঠকে মার্কিন কর্মকর্তারা তিব্বতে মানবাধিকার নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব জানিয়েছে।

এদিকে দালাইলামার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের ঘটনাটিতে চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। চীন তাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী নেতা বলে মনে করে এবং তার সঙ্গে যেকোনো দেশের কর্মকর্তাদের যোগাযোগের বিরোধিতা করে থাকে।

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাইলামা। গত জুনে হাঁটুর চিকিৎসার জন্য তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। ২০১৭ সালের পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, দালাইলামার সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে গেছেন মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ও তিব্বতবিষয়ক বিশেষ সমন্বয়ক আজরা জেয়া। হোয়াইট হাউজের মানবাধিকারবিষয়ক পরিচালক কেলি রাজুকও তার সঙ্গে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত