মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু, এরপর দেশি-বিদেশি ফ্যাশন ডিজাইনারদের জন্য র্যাম্পে হাঁটেন তামিল অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল। এরপর ‘খেল খেল মে’ সিনেমা দিয়ে গেল সপ্তাহে বলিউডে অভিষেক ঘটে তার। সিনেমাটিতে তিনি জুটি বেঁধেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে।
বলিউড সিনেমায় পথে চলা সম্পর্কে তিনি বলেন, ‘এটি তো কেবল শুরু। অনেক দীর্ঘ পথ যেতে হবে।’
সিনেমার সঙ্গে কীভাবে যুক্ত হলেন, এমন প্রশ্নে প্রজ্ঞা বলেন, ‘আমি পড়তে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি বইপোকা ছিলাম। সারা দিন শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। আমার পরিবার বা আমি কখনো ভাবিনি যে, আমি সিনেমা জগতের সঙ্গে যুক্ত হব। কিন্তু কলেজে পড়ার সময় সিনেমার প্রতি ভালোলাগা তৈরি হয়, আর আজ আমি এখানে। এরপর হাসতে হাসতে বললেন, পড়ালেখায় বুঁদ হয়ে থাকা মেয়েটার সিনেমাই এখন জীবন।’
এর আগে টলিউড সিনেমাতেও কাজ করেছেন, এরপর বলিউডে। অভিজ্ঞতা প্রসঙ্গে তার ভাষ্য, সিনেমাতে কাজের জন্য আমি আমার চরিত্রকে বেশি মূল্যায়ন দিই। স্ক্রিনে আমাকে কত সময় দেওয়া হবে, ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে নিজেকে উপস্থাপন করতে পারব কি না সবকিছু মাথায় রেখে কাজ করি। এখন পর্যন্ত আমি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট। ছোট ক্যারিয়ারে টলিউড এবং বলিউডের বড় তারকা অভিনেতা এবং পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি নাম বা খ্যাতির ওপর জোর দিই না। আমি আমার কাজে মনোনিবেশ করি। যোগ করে তিনি বলেন, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি হায়দরাবাদে। তাই এই জায়গাটা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। এখানকার মানুষগুলো আমাকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছে। আর ভোজনরসিক হওয়ার কারণে হায়দরাবাদি বিরিয়ানিকে ছাড়তেই পারি না। আমি ইডলি-দোসা এবং সাম্বার খুব পছন্দ করি। আর আমার বাড়ি মুম্বাই শহরে। সেখানে আমার পরিবার এবং বন্ধুবান্ধবরা আছে। তাই দুটো শহরই আমার কাছে বিশেষ। এদিকে প্রজ্ঞা জয়সওয়াল এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তেলেগু চলচ্চিত্র ‘এনবিকে ১০৯’ এবং ‘টাইসন নাইডু’ সিনেমার শুটিং নিয়ে। অভিনেত্রী জানান, ‘খেল খেল মে’ শেষ করার পর থেকে বিশ্রাম নিতে পারেননি। এখনো দুটি সিনেমার শুটিং করছেন, যে দুটি চরিত্রই তার কাছে অত্যন্ত বিশেষ।
অনলাইন অবলম্বনে এনামুল হোসেন
