চলে গেলেন লেখক গবেষক গোলাম মুরশিদ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৬:২৩ এএম

বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় যুক্তরাজ্যের লন্ডনের কুইন্স হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একুশে পদকপ্রাপ্ত এই লেখকের বয়স হয়েছিল ৮৪ বছর।

গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদের বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক স্বরোচিষ সরকার গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোলাম মুরশিদ পারকিনসনসহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল লন্ডন সময় বেলা ১১টায় তিনি মারা গেছেন।

গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত গোলাম মুরশিদ লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের গবেষণা সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিতেন। অবসরজীবনে মূলত তিনি লন্ডনেই বাস করছিলেন। সেখানে তার অবসরজীবন কাটছিল ১৮ শতকের বাংলা গদ্য এবং মাইকেল-জীবন নিয়ে গবেষণা করে।

গোলাম মুরশিদ ২০২১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এর আগে প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৮২ সালে।

গোলাম মুরশিদ বাংলা সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ লিখেছেন। তিনি বিশেষভাবে আলোচিত তার ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’ বইটির জন্য।

মাইকেল মধুসূদন দত্ত ও কাজী নজরুল ইসলামের জীবন নিয়েও গবেষণা রয়েছে গোলাম মুরশিদের। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলা গানের ইতিহাস’, ‘বিদ্রোহী রণক্লান্ত : নজরুল-জীবনী’, ‘আধুনিকতার অভিঘাতে বঙ্গরমণী’, ‘মুক্তিযুদ্ধ ও তারপর : একটি নির্দলীয় ইতিহাস’, বাংলা ভাষার উদ্ভব ও অন্যান্য’।

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বিদ্যাসাগর বক্তৃতামালার ওপর ভিত্তি করে গোলাম মুরশিদ রচিত গ্রন্থ ‘রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা প্রকাশিত হয় ১৯৮১ সালে। তার পিএইচডি অভিসন্দর্ভের ওপর ভিত্তি করে লেখা ‘সমাজসংস্কার আন্দোলন ও বাংলা নাটক’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।

গোলাম মুরশিদের লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি, ‘মাইকেলের জীবন ও পত্রাবলী’, ‘আশার ছলনে ভুলি’, ‘সংকোচের বিহ্বলতা’, ‘নারীপ্রগতির একশো বছর : রাসসুন্দরী থেকে রোকেয়া’, ‘কালান্তরে বাংলা গদ্য’, ‘যখন পলাতক : মুক্তিযুদ্ধের দিনগুলি’ এবং ‘বঙ্গদেশে মুদ্রণ ও প্রকাশনার আদিপর্ব’।

গোলাম মুরশিদ কখনো ‘হাসান মুরশিদ’ ছদ্মনামেও লিখতেন। বাংলা একাডেমি থেকে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘বিবর্তনমূলক বাংলা অভিধান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত