ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত হওয়ার ৩৪ দিন পর নিভে গেল নরসিংদীর মাধবদীর মাদ্রাসা ছাত্র সুমন মিয়ার (২০) জীবন প্রদীপ। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন নরসিংদীর মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর এলাকার মৃত হাসান আলীর ছেলে। মাধবদী জালপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম দিক থেকেই সক্রিয়ভাবে অংশ নেন। গত ২০ জুলাই মাধবদী থানার সামনে পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।
সুমনের বড় ভাই জুলহাস মিয়া বলেন, ‘সারা দেশ তখন আন্দোলনে উত্তাল। ২০ জুলাই মাধবদী থানার সামনে তার পিঠে গুলি লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে আজ সকালে (গতকাল) মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার ভাই।’
তিনি আরও বলেন, ‘সুমন আমার মাকে নিয়ে মাধবদী সিদ্দিকনগর এলাকায় ৩ হাজার টাকায় একটি ভাড়া বাসায় থাকত। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আমি আমার ভাইয়ের হত্যার বিচার দাবি করছি।’
