যাদের নিয়ে ডিএসই পর্ষদ গঠন করতে চায় ডিবিএ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:১২ এএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর স্টক এক্সচেঞ্জগুলোতে স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগে বাধ্য করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিগত সরকারের নিয়োগ করা এসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পছন্দের ব্যক্তিদের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালক হিসেবে বসানো হয়েছিল এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগে বাধ্য করে নতুন কমিশন। নানা অনিয়ম ও স্বতন্ত্র পরিচালকদের কার্যকর ভূমিকা না থাকায় তাদের পদত্যাগ দাবি করেছিল ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এখন শূন্য পদগুলোতে কারা পরিচালক হয়ে আসবেন, তার সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ডিবিএ নেতারা। 

গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বরাবর পাঠিয়েছে ডিবিএ, যা গত রবিবার সংগঠনটি গণমাধ্যমকে জানিয়েছে। যদিও জরুরি বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক পদ নিয়োগের চেষ্টা চালাচ্ছে নবগঠিত এসইসি। স্টক এক্সচেঞ্জের পর্ষদ কার্যকর না থাকায় স্বতন্ত্র পরিচালক নির্বাচনের প্রচলিত নীতিমালা অনুসরণ করা যাচ্ছে না বলে জানা গেছে। এমন পরিস্থিতির মধ্যেই স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক কোন ধরনের সংগঠন থেকে নিয়োগ করা যেতে পারে, তার একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডিবিএ।  

ডিবিএর চিঠিতে বলা হয়েছে, গত ১৫ বছর রাজনৈতিক বিবেচনায় মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনভিজ্ঞতা ও অদূরদর্শিতা এবং পুঁজিবাজারের বিষয়ে সম্যক জ্ঞান না থাকার কারণে পুঁজিবাজার সামগ্রিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বৈষম্য দূর এবং বিনিয়োগকারীদের স্বার্থ অগ্রাধিকারে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করেছে ডিবিএ। চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৩ সদস্যবিশিষ্ট। এই ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ডিএসই পর্ষদের প্রস্তাবিত প্যানেলের ভিত্তিতে হয়ে থাকে। ইতিমধ্যে ডিএসইর চেয়ারম্যানসহ ৭ জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে ৪ জন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক ও ডিএসইর এক্স অফিসিওর ওপর পর্ষদ কার্যক্রম যৌক্তিকভাবে অর্পিত হয়।

এমতাবস্থায়, বিদ্যমান ৪ শেয়ারহোল্ডার পরিচালকসহ ডিএসইর সব শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে ৭ জন পরিচালকের শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত প্রতিষ্ঠান থেকে মনোনীত ব্যক্তিদের (প্রেসিডেন্ট/চেয়ারম্যান) মধ্য থেকে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে স্বতন্ত্র পরিচালক পদে চেয়েছে ডিবিএ। সাত স্বতন্ত্র পরিচালকদের মধ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি), চার্টার্ড ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট (সিএফএ সোসাইটি) অথবা ইনস্টিটিউশন অব কস্ট ম্যানেজমেন্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্টদের মধ্য থেকে একজন, আয়কর বিভাগ থেকে একজন পলিসি মেম্বার, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অথবা জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্য থেকে একজন স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের সুপারিশ করেছে ডিবিএ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অথবা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালক, বাণিজ্য সংগঠন এফবিসিসিআই, ডিসিসিআই ও এমসিসিআই, বিজিএমইএ, ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন সামরিক বাহিনীর প্রতিনিধি, একজন নারী উদ্যোক্তা অথবা প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবী, কমপক্ষে ২০ বছর বহুজাতিক কোম্পানিতে অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী, প্রথিতযশা এনজিও অথবা সোশ্যাল বিজনেস থেকে একজন প্রধান নির্বাহী পদমর্যাদার পেশাজীবী, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কিংবা সচিব পদমর্যাদার ব্যক্তিদের ডিএসইর পরিচালক পদে নিয়োগের সুপারিশ জানিয়েছে ডিবিএ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত