৯২ প্রতিষ্ঠানকে ভোক্তার ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম

সারা দেশে বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে ৫ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সারা দেশে ৪৯টি টিম দিয়ে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র বলছে, সারা দেশে নকল ও ভেজাল পণ্যের ওপর তদারকিসহ বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিড়া, গুড় ইত্যাদি) ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় অধিদপ্তরের ৫টি টিম মতিঝিল এজিবি কলোনি বাজার, শেরেবাংলা নগর পূর্ব ও পশ্চিম রাজাবাজার, বকশীবাজার ও মুগদা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

তা ছাড়া দেশের ৪৪টি জেলায় অধিদপ্তরের ৪৯টি টিম অংশ নিয়েছে। অভিযানে নকল ও ভেজাল পণ্যের উৎপাদন এবং বন্যার ত্রাণসামগ্রী পণ্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ৯২টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ‘নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তার অধিকার আদায়ে সারা দেশে নিয়মিত বাজার তদারকি টিম পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীরা যেখানে অনিয়ম করবেন, সেখানেই আমরা অভিযান চালাব। তা ছাড়া ভোক্তা আইন লঙ্ঘনকরী প্রত্যেক ব্যবসায়ীকে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত