মাওরিদের নতুন রানী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানী হলেন এনগা ওয়াই হোনো ই তে পো পাকি। গতকাল বৃহস্পতিবার নতুন রানীর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্য মেনে মাওরি প্রধানরা তাকে অভিষিক্ত করেন। এনগা ওয়াই হোনো ই হলেন সদ্য প্রয়াত মাওরি রাজার তুহেইশিয়ার একমাত্র মেয়ে। তার আরও দুই ভাই থাকলেও মাওরিদের অষ্টম নেতা হিসেবে তাকেই বেছে নেওয়া হয়।

গত শুক্রবার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর রাজার মৃত্যু হয়। মাওরিপ্রধানদের নিয়ে গঠিত একটি কাউন্সিল এনগাকে নতুন রানী হিসেবে বেছে নেন। তবে মাওরিদের নতুন রানী বেছে নেওয়ার ঘটনা চমক সৃষ্টি করেছে। ২৭ বছর বয়সী এনগা ছাড়াও রাজার দুই পুত্রসন্তান আছে, যারা বয়সে এনগার চেয়ে বড়। রাজা অসুস্থ থাকাকালে তার দুই ছেলে বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন। ধারণা করা হচ্ছিল দুই ভাইয়ের মধ্যে কোনো একজন রাজার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইশিয়াকে সমাহিত করা হয়। এরপর এনগা ওয়াই হোনোকে বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসিয়ে মুকুট পরিয়ে দেওয়া হয়। নতুন রানী এনগা মাওরি সংস্কৃতি স্টাডিজে স্নাতকোত্তর করেছেন এবং ঐতিহ্যবাহী কাপা মাওরি নৃত্যকলায় শিক্ষকতা করেন।

মাওরি সংস্কৃতি উপদেষ্টা কারাইশিয়ানা তাইউরু বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়। এ ক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা।’ তিনি আরও বলেন, একজন তরুণী মাওরি নারী রানী হচ্ছেন এটা দেখাও সৌভাগ্যের বিষয়। মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা হলেন মাওরিদের দ্বিতীয় রানী। তার দাদি ছিলেন প্রথম রানী। ২০০৬ সালে তিনি মারা যান।

এনগা এমন এক সময়ে রানী হলেন, যখন মাওরিদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি। তাইউরু বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, উষ্ণায়নের যুগে, সামাজিক পরিবর্তনের সময়ে নিউজিল্যান্ডের জনজাতিরা সংকটে পড়েছে। এ সময়ে মাওরিদের নেতৃত্বে তরুণ কাউকে প্রয়োজন ছিল। নিউজিল্যান্ডের জনসংখ্যার মধ্যে ১৭ শতাংশ হলেন মাওরি। সমীক্ষা অনুসারে তাদের মধ্যে দারিদ্র্য ও বেকারত্ব অন্যদের তুলনায় বেশি। অন্যদের তুলনায় মাওরিরা সাত বছর কম বাঁচেন। তাদের ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস, আত্মহত্যার প্রবণতাও অন্যদের তুলনায় বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত