মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক, নগদ টাকাসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার রাতে উপজেলার কৌলা ও ব্রাহ্মণবাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন—রাজু মিয়া, আনোয়ার, রায়না বেগম ও আলাউদ্দীন।
পুলিশ সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন মো. আদনান ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
এ ব্যাপারে ওসি বিনয় ভূষণ রায় বলেন, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কৌলা ও ব্রাহ্মণবাজারে মাদকের ব্যবসা ও সেবন চলছে। সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবা, ৩১ হাজার ৬৫০ টাকাসহ ১৪টি মোবাইল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।
