পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১ অক্টোবর শপিং ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে। এখানে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।
তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ইএসডিওর সঙ্গে মিলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট বা কাপড়ের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপারশপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য মন্ত্রণালয় এবং সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আড়িয়ল বিলে ড্রেজার আসতে পারবে না : আড়িয়ল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনকে কঠোর নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে আড়িয়ল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।
এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে এই উপদেষ্টা বলেন, ড্রেজার যেন আড়িয়ল বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন। এ ছাড়া ২০ দিন অন্তর অন্তর রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।
ব্রিফিং শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ময়ূরপঙ্খী নৌকায় চড়ে আড়িয়ল বিল পরিদর্শনে যান।
