ট্যাক্স অফিসারের চেহারা দেখতে হবে না করদাতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ এএম

করদাতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে ও করের টাকা সরকারি কোষাগারে পৌঁছাতে সরকার অনলাইনে কর আদায়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘কর আদায় করতে অনলাইনকে গুরুত্ব দিচ্ছি; কেননা করদাতা যদি ট্যাক্স অফিসারের চেহারা না দেখে তাহলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। আর চেহারা দেখা মানেই জানেন তো অনেক কিছুই। অনলাইনে কর দেওয়ার মাধ্যমে করদাতা ট্যাক্স অফিসারের চেহারা দেখতে হবে না।’

গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে অনলাইন আয়কর প্রদান শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যক্তিপর্যায় থেকে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ ঝামেলামুক্ত কর জমা দিলে সরকারি সেবা প্রদানের জন্য অন্যের ওপর আমাদের নির্ভর করতে হয় না। তাছাড়া কর প্রদানের ক্ষেত্রে অনেকে দাপ্তরিক নানা ঝামেলায় পড়েন। এসব বিষয় সমাধানের জন্য সরকার অনলাইনের কর আদায়ের ওপর বেশি গুরুত্বারোপ করছে।

সঞ্চয়পত্র ও ঋণ নিয়ে দেশ চালানো কঠিন জানিয়ে তিনি বলেন, করদাতা যে করটা দেয় সেটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়। কোনো লিকেজ যেন না থাকে। সবার কাছ থেকে করা আদায় করব। এজন্য অনলাইনটা করা। কর দেওয়ার সক্ষমতা অনেকের আছে। সবাই কর জালের আওতায় আসে না। টিআইএন অনেকের আছে, ফিলআপ করে না।

দেশবাসীর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনারা কর দেবেন। এই টাকাটা বিফলে যাবে না।’

স্বাগত বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, গতকাল অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে রিটার্নে জমা দেওয়ার পাশাপাশি আয়কর সনদ ও টিআইএন সনদ ও রিটার্ন নেওয়া যাবে। পেমেন্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে করা যাবে।

তিনি আরও বলেন, ২০২১ সালে আমরা প্রথম এই রিটার্ন চালু করি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সহযোগিতা করছে। অন্যান্য উন্নয়ন সহযোগিতা করছে। আমরা কম্প্রেহেনসিভ অটোমেশন চাই। ২০২১ সালে মাত্র ৬১ হাজার রিটার্ন পেয়েছিলাম। ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ২৬ হাজার পেয়েছি। এবার আমরা আশা করছি ব্যক্তিশ্রেণির করদাতাদের যত ট্যাক্স রিটার্ন পড়বে, তার সিংহভাগই অনলাইনে পড়বে। খুব জোরেশোরে কাজ করছি। অনেকদূর এগিয়েছে।

তিনি জানান, এক দিনের ব্যবধানে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমে ৮ লাখ ৪ হাজার ৪৪৩টি রেজিস্ট্রেশন হয়েছে। আদায় হয়েছে ৪৭ লাখ ৩৭ হাজার ৪৬৪ টাকার কর। তাছাড়া আমরা কমিটমেন্ট করতে চাই আগামী বছর ১ জুলাই থেকেই অনলাইনের মাধ্যমে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। আমরা সেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ঝামেলাহীন ই-রিটার্ন দাখিলের জন্য কল সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয়জন কর্মকর্তা সার্ভিস দেবেন। আগামী বৃহস্পতিবার থেকে কল সেন্টার চালু করতে পারব। রিটার্ন দাখিলের জন্য অটোমেশন কার্যক্রমকে আমরা পপুলার করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত