শহীদ স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর খরচ ৫ কোটি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ এএম

গত জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ সভায় খরচ হবে ৫ কোটি টাকা। এ সংক্রান্ত ক্রয়পদ্ধতির কাজ অনুমোদন করা হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা হয়। একই সঙ্গে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাও হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর অথবা সুবিধাজনক সময়ে এক স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টা এ স্মরণসভা অনুষ্ঠানের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। স্মরণসভা সম্পর্কিত কর্মকা- সুচারুভাবে বাস্তবায়নের জন্য তার পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দিয়েছেন উপদেষ্টা। স্মরণসভা অনুষ্ঠানে আনুমানিক ৫ কোটি টাকা ব্যয় হবে। সময় স্বল্পতার কারণে কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে অভিজ্ঞ ও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন এক বা একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।

সরাসরি ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী অনুষ্ঠান আয়োজন ও এ সংশ্লিষ্ট কাজ সম্পাদনের জন্য এ বিভাগের ক্রয়ের আর্থিক ঊর্ধ্বসীমার মধ্যে তা সম্ভব হচ্ছে না। সে কারণে এ বিধিমালায় উল্লিখিত মূল্যসীমার মধ্যে ক্রয়ের লক্ষ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সুপারিশে সরাসরি ক্রয়পদ্ধতিতে কাজ সম্পাদন করার জন্য বৈঠকে অনুমোদন চাওয়া হয়। উপদেষ্টা কমিটি তা অনুমোদন করেছে।

জানা গেছে, অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় অর্থ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব বাজেটে সংকুলান না হওয়ায় অতিরিক্ত অর্থ চেয়ে এরই মধ্যে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরকারি ক্রয় সম্পর্কিত বিশেষ বিধান, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বা বিপর্যয়কর কোনো ঘটনা মোকাবিলার জন্য, জনস্বার্থে, সরকার গঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশে সরাসরি ক্রয়পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে কাজ সম্পন্ন করতে পারবে।

তাছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সুপারিশে সরাসরি ক্রয়পদ্ধতি প্রয়োগ করে কাজ সম্পন্ন করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত