কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছে আরেকজন।
গতকাল বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত দুজন আরসার কমান্ডার বলে জানিয়েছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ। তারা হলো উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)। আহত ব্যক্তি হলো ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৯ ব্লকের হামিদ হোসেনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩১)।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় আরসার কমান্ডার ইমাম হোসেন, রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিল। একপর্যায়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক প্রবেশ করে তাদের ওপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে আরসার দুই কমান্ডার ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় অন্যজনকে আশপাশের রোহিঙ্গারা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে।
এপিবিএনের এই কর্মকর্তা বলেন, নিহত দুজনের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকান্ড ঘটেছে।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা মোহাম্মদ ইকবাল।
