বিবৃতিতে ফখরুল

সরকারকে বেকায়দায় ফেলতে চায় ষড়যন্ত্রকারীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত সংঘর্ষে নিহত, আহত ও দোকানপাট, বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। সরকারকে বেকায়দায় ফেলতে চায় ষড়যন্ত্রকারীরা।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্র্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন-খারাবিতে মেতে উঠেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এ কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায় হত্যাসহ গুরুতর আহত করা হচ্ছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা হতাহতের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে জনগণের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত