উল্টো পাশে চাঁদের ঘনত্ব কম!

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ এএম

কল্পকথার গল্পের চাঁদে মানুষ পা রেখেছে অনেক আগে। অবশ্য মানুষ সেখানে চাঁদের বুড়িকে খুঁজে পায়নি, পায়নি কোনো চরকার খোঁজও! তারপরও পাঁচ দশকের বেশি সময় ধরে দূরের চাঁদকে কাছে টেনে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ পাঠিয়েছে বিভিন্ন মিশন। চাঁদের সম্মুখভাগের এসব মিশনে পাওয়া গেছে নতুন নতুন তথ্য। কয়েক বছর হলো চাঁদের দূরপ্রান্ত অর্থাৎ উল্টো পাশেও মিশন পাঠাচ্ছে বিভিন্ন দেশ। সম্প্রতি চীনের পাঠানো এক মিশন থেকে মিলেছে চমকে দেওয়ার মতো নতুন তথ্য। গত মে মাসের শুরুতে পাঠানো চীনের চ্যাং’ই-৬ মিশন ৫৩ দিন পরে চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা নিয়ে ফিরে এসেছে। ওই নমুনা নিয়ে প্রকাশিত প্রথম গবেষণাপত্রে দেখা যাচ্ছে, সেগুলো চাঁদের সামনের পাশ থেকে সংগ্রহ করা নমুনার চেয়ে কিছুটা ভিন্ন। চাঁদের দূরবর্তী পাশের অ্যাপোলো ক্রেটার নামে পরিচিত এক এলাকা থেকে সংগৃহীত নমুনার ঘনত্ব সম্মুখপাশ থেকে সংগ্রহ করা নমুনার তুলনায় কম।

প্রযুক্তি সাইট স্পেস ডটকমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই নমুনা চাঁদের বিবর্তন নিয়েও বিভিন্ন নতুন তত্ত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। 

গবেষকরা লিখেছেন, নমুনাটি বেশ ঢিলেঢালা ও চাঁদের পৃষ্ঠে নিজের প্রাকৃতিক অবস্থায় এটি আরও তুলতুলে। আরও স্পষ্ট করে বললে, চাঁদের দূরবর্তী পাশ থেকে আনা নমুনা কাছের পাশের নমুনার তুলনায় হালকা ও এর গঠন প্রক্রিয়ায় ছিদ্র থাকার প্রবণতা বেশি। এমন নতুন বোঝাপড়া থেকে চাঁদের ইতিহাস ও বিবর্তন নিয়ে বিভিন্ন নতুন ধারণা ও তত্ত্ব পাওয়া যেতে পারে।

স্পেস ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ দুই কেজি ওজনের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসে চীনের মহাকাশযানটি। পরে ওইসব নমুনা বিশ্লেষণ ও গবেষণার জন্য প্রাথমিকভাবে একটি বিশেষায়িত গবেষণাগারে এগুলো সংরক্ষণ করা হয়। আর এখন বিজ্ঞানভিত্তিক জার্নাল ন্যাশনাল সায়েন্স রিভিউতে সেটি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হলো। 

লি চুনলাই ও তার সহযোগী গবেষকরা এসব নমুনার সে অংশ নিয়ে গবেষণা করেছেন, যেগুলো রোবটিক হাতল দিয়ে সংগ্রহ করা হয়েছিল। এতে তারা দেখেছেন, এর আগে চাঁদের সামনের পাশ থেকে সংগ্রহ করা নমুনার তুলনায় এদের ঘনত্ব কম।

চ্যাং’ই-৬ মিশনের বিভিন্ন নমুনা নিয়ে পাওয়া নতুন তথ্য অদূর ভবিষ্যতে চীনের অন্য গবেষকদের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক গবেষকদের এর জন্য অপেক্ষা করতে হবে দুই বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত