আন্দোলনে শহীদ ৭০৮ জনের নামের খসড়া তালিকা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ এএম

গত জুলাই-আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে দেশের বিভিন্ন স্থানে শহীদ ৭০৮ জনের নাম রয়েছে। তালিকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট :www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট :: www.dghs.gov.bd-এ প্রকাশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলাপর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের এই খসড়া তালিকাটি সংশোধন বা সংযোজনের জন্য ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যেভাবে তথ্য সংশোধন করা যাবে : গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোয় তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে। পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্র্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে আবার যাচাই করা যাবে।

গণবিজ্ঞপ্তিতে আন্দোলনে শহীদদের মধ্যে যদি কারও নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে শহীদ পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের উপযুক্ত প্রমাণকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত