জনশক্তি রপ্তানির সাব-এজেন্টদের নিবন্ধন দেবে সরকার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

জনশক্তি রপ্তানিকারকদের ক্ষেত্রে যারা লোক সংগ্রহের কাজ করেন, তাদের সাব-এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন দেবে সরকার। সেই সঙ্গে যারা জনশক্তি রপ্তানি করেন, তাদের সেবার মান অনুযায়ী রেটিং করবে সরকার। গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘যারা লোক সংগ্রহ করে, সেই সাব-এজেন্টদের, যাদের আপনারা দালাল বলেন, তাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোকও আছেন। আমরা তাদের রেজিস্ট্রেশন করে দেব। সেটা করে দিলে তারা একটা জবাবদিহির মধ্যে থাকবে। তাছাড়া রপ্তানিকারকদের সংগঠন বায়রা যদি সহযোগিতা করে, আমরা আশা করি সাব-এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারব। এর ফলে বিদেশে যেতে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে।’

তিনি আরও বলেন, ‘আরেকটা জিনিস আমরা চিন্তা করেছি, রিক্রুটিং এজেন্টদের আমরা সার্টিফিকেশন করব। এজেন্টদের পারফরম্যান্স অভিজ্ঞতা রেকর্ডের ভিত্তিতে আমরা ক্যাটাগরি নির্ধারণ করব। এর মাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে যারা প্রবাসী কর্মী হিসেবে যেতে চান, তারাও ভালো-মন্দ বিষয়ে একটা নির্দেশনা পাবে। তাছাড়া মালয়েশিয়ার বাজার আবার চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা জানিয়ে প্রবাসীকল্যাণ উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী এক মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন প্রবাসীরা।’

আসিফ নজরুল বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন এবং কারাবাস করে দেশে ফিরেছেন তারা। এমন ৮৭ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত