জনপ্রিয় জাপানিজ অটোমোবাইল ব্র্যান্ড মিতসুবিশি বাজারে এনেছে তাদের এসইউভি সেগমেন্টের নতুন প্রজন্মের গাড়ি মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট। গতকাল বুধবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর শোরুমে এক প্রেস লঞ্চ ইভেন্টে প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটি প্রদর্শন করা হয়।
নতুন প্রজন্মের মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটির সবচেয়ে এক্সাইটিং ফিচার হলো এর ৪টি বিশেষ ড্রাইভিং মোড, যা বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে।
গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন ‘টি’ শেপের হেডলাইট ও রিয়ার কম্বিনেশন লাইট। গাড়ির দৈর্ঘ্য ৪৩৯০ মি.মি, প্রস্থ ১৮১০ মি.মি এবং ১৬৩৫ মি.মি উচ্চতা থাকায় ২২২ মি.মি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে যা বাংলাদেশের রাস্তার জন্য উপযোগী। ১৪৯৯ সিসির এই গাড়িতে আছে সিভিটি (এফ-১-সিডব্লিউএ) ট্রান্সমিশন। চোখ ধাঁধানো ব্ল্যাক থিমড ইন্টেরিয়রের সঙ্গে হানিকম্ব পেটার্ন ও লেদারে মোড়ানো গাড়ির সিটগুলো অত্যন্ত প্রিমিয়াম ও আরামদায়ক, বিশেষ করে গাড়ির পেছনের দিকে ৩ জনের আরামে বসার জন্য রয়েছে যথেষ্ট জায়গা। আরামদায়ক অভ্যন্তর, শক্ত কাঠামো, প্রশস্ত জায়গা ও পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ ৬টি চমৎকার রঙে মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট-এর এক্সটেরিয়র সাজানো হয়েছে। গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
