‘হলি স্পাইডার’—অন্ধকার বাস্তবতার মুখোমুখি এক থ্রিলার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

ইরানের একটি গুরুত্বপূর্ণ শহর মাশাদ। যেখানে রাত যত গভীর হতো, রাস্তায় যৌনকর্মীদের সংখ্যা ততই বাড়ত। আর তাদেরই টার্গেট করত সায়িদ হানাই নামে এক সিরিয়াল কিলার। ২০০০ সালের এই ভয়ানক কর্মকাণ্ড পুরো ইরানকে নাড়িয়ে দিয়েছিল। মাশাদ শহরের বাস্তব এই ঘটনা নিয়ে ২০২২ সালে নির্মিত হয় ইরানি ক্রাইম থ্রিলার ‘হলি স্পাইডার’। যেটি পরিচালনা করেছেন আলি আব্বাসী।

কাহিনি সংক্ষেপ : সায়িদ হানাই একজন সিরিয়াল কিলার। যিনি রাতে মোটরসাইকেল নিয়ে মাশাদের রাস্তায় ঘুরে যৌনকর্মীদের টার্গেট করতেন। প্রথমে টাকার বিনিময়ে তাদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিতেন এবং পরে তাদের নিজের বাসায় নিয়ে যেতেন। সেখানে তিনি নারীদের হত্যা করতেন এবং সেই লাশ শহরের বাইরে ফেলে দিতেন। সায়িদ বিশ্বাস করতেন, তিনি ‘পবিত্র মিশনে’ রয়েছেন এবং যৌনকর্মীদের হত্যা করে শহরকে ‘পবিত্র’ করার চেষ্টা করছেন। একের পর এক খুনের ঘটনায় ইরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খুনের তদন্তে নামেন রহিমি নামে এক সাংবাদিক। যিনি তেহরান থেকে এসেছেন এই রহস্যময় সিরিয়াল কিলারের ঘটনা নিয়ে প্রতিবেদন করতে। রহিমি মাশহাদে এসে ক্রমশ এই অন্ধকারময় জগতে ঢুকে পড়েন।

বাস্তবতা ও ফিকশনের মিশেল: যদিও সিনেমাটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। তবুও কিছু ফিকশনাল উপাদান যোগ করা হয়েছে, যা সিনেমাটিকে আরও বেশি থ্রিলিং এবং আকর্ষণীয় করেছে। ইরানে যৌনকর্মীদের অস্তিত্ব সম্পর্কে অনেকের ধারণা ছিল না, যা এই সিনেমা সামনে নিয়ে এসেছে। সিনেমাটি দর্শকদের ইরানের সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যেখানে নারীদের প্রতি সহিংসতা ও অসংগতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যৌনকর্মী এবং তাদের জীবনের অন্ধকার দিকগুলোও চমৎকারভাবে ফুটে উঠেছে।

অভিনয় ও চরিত্রায়ণ: জার আমির ইব্রাহিমি এই সিনেমার প্রধান চরিত্রে সাংবাদিক রহিমির ভূমিকায় অভিনয় করেছেন। তার সাহসী ও নির্ভীক চরিত্র দর্শকদের মন জয় করেছে। রহিমি সিরিয়াল কিলারের কাহিনি অনুসন্ধান করতে গিয়ে ইরানের সামাজিক বাস্তবতার মুখোমুখি হন। তার চরিত্রে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে একজন নারীর দৃঢ়তার প্রতিচ্ছবি দেখা যায়। মেহেদি বাজেসতানি, সায়িদ হানাই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার চরিত্রের অন্ধকার দিক, ধর্মীয় উগ্রতা এবং মানসিক দ্বন্দ্ব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

পরিচালনা ও চিত্রনাট্য : আলি আব্বাসী তার পরিচালনা ও চিত্রনাট্যে নতুনত্ব এনেছেন। ‘হলি স্পাইডার’ একটি সাহসী সিনেমা, যা শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং সমাজের গভীর অসংগতির দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সিনেমাটির চিত্রগ্রহণ অত্যন্ত চমৎকার। মাশাদ শহরের রাতের অন্ধকার, চাপা উত্তেজনা এবং ভয়কে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সমালোচনা ও প্রভাব : সিনেমাটি মুক্তির পর আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পায়, বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবে এটি ব্যাপক সাড়া ফেলে। ইরানের সামাজিক বাস্তবতা এবং যৌনকর্মীদের জীবন নিয়ে এত খোলামেলা আলোচনা করা সিনেমা ইরানের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে। যদিও এটি ইরানে বিতর্কের জন্ম দিয়েছে, তবে চলচ্চিত্রটির সমালোচকরা এর সাহসী গল্প বলার জন্য প্রশংসা করেছেন।

শেষ কথা : ‘হলি স্পাইডার’ একটি শক্তিশালী ও সাহসী সিনেমা, যা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হলেও ফিকশন যোগ করে আরও সমৃদ্ধ করা হয়েছে। যারা সিরিয়াল কিলার ও বাস্তব জীবনের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত