ইসরায়েলে ঢুকে গত বছর ৭ অক্টোবর হামলা চালিয়েছিল হামাস। যার পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। যে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবানন-সিরিয়াতেও। পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলের হামলার জবাবে গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাক্কালে গতকাল সোমবার দেশটির বেশ কয়েকটি বড় শহরে পাল্টা হামলা চালিয়েছে দুই সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজতে শোনা যায়। অন্যদিকে গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা ও লেবাননে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় সংগঠনটি। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ।
হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই ফাদি-১ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হাইফা থেকে ৬৫ কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।
গতকাল জাল আল-আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এ ছাড়া উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় দুজন সামান্য আহত হয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর এক বছর পূর্ণ হয়েছে গতকাল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলায় অন্তত দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম।
তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস। গত আগস্টের পর গতকাল ইসরায়েলের কোনো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তারা।
গতকাল ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের ফার ভেরাদিম শহরেও। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাড়ি ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে, গতকাল গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত, নির আমসহ বেশ কয়েকটি শহরে রকেট হামলা চালিয়েছে তারা।
গতকাল তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবে দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। পাশাপাশি ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের এলিয়াত শহরেও একাধিক ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে হুতি যোদ্ধারা।
