কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় চার শিশু নিহত হওয়ার ঘটনায় চালক কাবের আলীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১২ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মেহেরপুরের গাংনীতে র্যাব অভিযান চালিয়ে ওই মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করে।
ওই চার শিশুর মৃত্যুর ঘটনায় খোকসা থানায় পুলিশ বাদী হয়ে করা মামলার একমাত্র আসামি কাবের আলী।
গত ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসা থেকে আরবি পড়ে শিশুরা বাড়ি ফেরার পথে খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়ায় চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়।
এ ঘটনায় মিম খাতুন (১২), তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) মারা যায়।
