সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১২ এএম

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাবেক সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল মল্লিক। তিনি বলেন, ‘তাকে (আব্দুর রাজ্জাক) আজ (গতকাল) গ্রেপ্তার করা হয়েছে। কাল (আজ) সকালে আদালতে নেওয়া হবে।’

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর সাবেক মন্ত্রী ও দলের সভাপতিম-লীর সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে রাজধানী, টাঙ্গাইল ও দেশের বিভিন্ন থানায় থানায় মামলা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানানো হয়নি।

এ বিষয়ে ডিএমপির গণসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর বলেন, ‘রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সোমবার রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

ড. রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে অন্য নেতামন্ত্রীদের মতো ড. আব্দুর রাজ্জাকও আত্মগোপনে চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত