অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ ঠিক করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এ দেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দেবেন, সেই দিন-তারিখ ঠিক করে কাজ শুরু করেন। যদি না বলেন (দিন-তারিখের কথা) তাহলে দেশের মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টি হবে। সেটা কারও জন্যই ভালো হবে না।’ গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ এবং শেখ হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
দুদু বলেন, ‘যারা নির্বিচারে ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষকে হত্যা করেছে, সেই হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এ সরকার জাতিকে আশ^াস দিয়েছিল বিচার করবে।’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ফারুক রহমান, জাগপার রাশেদ প্রদান প্রমুখ।
এদিকে গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনির ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে, তাদের বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে।’
অনুষ্ঠানে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে ডেঙ্গু রোধে রাজধানীর বাংলা মোটরে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তারা এনজিওতে শিক্ষক হিসেবে কাজ করেছেন, রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতা নেই। বারবার বলেছি, আমাদের সঙ্গে বসুন, ডাকুন। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা অভিজ্ঞতার আলোকে সুপরামর্শ দিতে পারতাম। কিন্তু তারা শুনছেন না। পরামর্শ নিতে অসুবিধা কোথায়?’
এ ছাড়া গতকাল দুপুরে রাজধানীর গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, এটা গভীর মাস্টারপ্ল্যানের অংশ। সালমান এফ রহমানের মতো বড় সাপের থেকেও বিষধর ছোট সাপ তথা আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীরা এখনো বহাল তবিয়তে সিন্ডিকেটবাজি করে যাচ্ছেন। এদের সিন্ডিকেট ভাঙতে হবে।’
