বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তার হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুয়েল রানাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এই আদেশ দেন। এ ছাড়া শাহেন শাহের মামলার নথি মহানগর আদালতে থাকায় সংশ্লিষ্ট আদালত তার বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করেছে।
গতকাল বিকেলে জুয়েল রানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক পায়েল হোসেন। তিনি আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। এরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ওয়াসিম আটক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় হওয়া মামলার আসামি মো. ওয়াসিমকে (৩৫) আটক করেছেন হাজী ক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। মো. ওয়াসিম ৪৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি।
