ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে এ তিনজনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪১১ জন।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ৩ জনসহ চলতি অক্টোবর মাসে ডেঙ্গুতে ৭৪ জন মারা গেছে। এ বছর মারা গেছে ২৩৭ জন। আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৪৬১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৭ জন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি মাসে ডেঙ্গু নিয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৫২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৪৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর সবচেয়ে বেশি ১২৪ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এরপর ঢাকা উত্তর সিটিতে ৩৬, বরিশাল বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৫ এবং খুলনা বিভাগে ১২, ঢাকা বিভাগে ৯, ময়মনসিংহ বিভাগে ২ এবং রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে।
