ব্যাংক-বহির্ভূত বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান যখন খেলাপিসহ নানা অনিয়মে বিপর্যস্ত সে সময় আইডিএলসি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি নিট মুনাফায় ভালো প্রবৃদ্ধির দেখা পেয়েছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ১২৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি।
আইডিএলসি জানিয়েছে, এই ৯ মাসে প্রতিষ্ঠানটির আমানত ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮ হাজার ২৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। গ্রুপটি কৌশলগতভাবে পোর্টফোলিওর মান উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছে, যাতে ঋণের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা যায় এবং ঋণ স্থিতির আকার যথাযথভাবে নিশ্চিত করা যায়। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ঋণ পোর্টফোলিও ১১ হাজার ১৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সেপ্টেম্বরের শেষে মন্দ ঋণ (এনপিএল) গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ হয়েছে, যা আর্থিক খাতের গড়ের চেয়ে অনেক কম। এর পাশাপাশি ১০০ দশমিক ৭২ শতাংশ মন্দ ঋণ কভারেজ অনুপাত বজায় রেখেছে, যা ভবিষ্যৎ ঋণসংক্রান্ত লোকসানের ঝুঁকি মোকাবিলায় কোম্পানিটির সুদৃঢ় অবস্থান নিশ্চিত করেছে।
আইডিএলসির পুঁজিবাজার-সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিক শেষে খুবই শক্তিশালী ফল প্রদর্শন করেছে, যা কোম্পানির ইতিবাচক ফলে অবদান রেখেছে।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও এবং এমডি এম জামাল উদ্দিন তাদের আর্থিক ফল প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তন এবং নানা সামষ্টিক অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যেও ৯ মাসের এই ভালো আর্থিক ফল আমাদের ব্যবসায়িক দক্ষতা, সততা ও সুশাসনেরই প্রতিফলন, যা যুগের পর যুগের আমাদের আর্থিক সাফল্যের মূলমন্ত্র। যার ফলে আমাদের পরিচালন আয় ১১ শতাংশ বেড়ে ৫২৬ কোটি ৩০ লাখ টাকা হয়েছে, যেখানে পরিচালন ব্যয় বেড়েছে মাত্র ২ দশমিক ১৮ শতাংশ।
