বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক স্থগিত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:১০ এএম

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওই বৈঠক হওয়ার কথা ছিল। বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে বলে ভারতের গণমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুবার এ ধরনের বৈঠক হয়ে থাকে। এবার ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিল।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ে প্রথমবারের মতো এ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা স্থগিতের কথা জানানো হয়। পরবর্তী সময়ে আলোচনার জন্য দ্রুত তারিখ ঠিক করতে কাজ চলছে বলেও ঢাকার পক্ষ থেকে জানানো হয়।

ভারতের সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এই বৈঠক হবে ৫৫তম। এতে প্রতিবেশী দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস ও সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। সর্বশেষ চলতি বছরের মার্চে ঢাকায় এ বৈঠক হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র এর আগে জানিয়েছিল, পরবর্তী বৈঠক যখনই অনুষ্ঠিত হোক না কেন, তাতে প্রচলিত বিষয়ের সঙ্গে ব্যাপক মাত্রায় সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এ আলোচনার রূপরেখা নির্ধারণ করতে পারে বলে মনে করছে সূত্রগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত