বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শিক্ষার্থীর করণীয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৪ এএম

ক্লাস রুটিন ও সিলেবাস সংগ্রহ

অনার্সে ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থীর সর্বপ্রথম করণীয় হলো ক্লাস রুটিন সম্পর্কে জানা এবং সিলেবাস সংগ্রহ করে সে অনুযায়ী পড়াশোনা শুরু করা। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই চার বছরের একটা সিলেবাস থাকে। যেখানে কীভাবে মূল্যায়ন হবে আর কী কী কোর্স পড়তে হবে, সেগুলোর বিস্তারিত দেওয়া থাকে।

পড়াশোনার পরিকল্পনা করা

রুটিন ও সিলেবাস পাওয়ার পর একজন শিক্ষার্থীর উচিত নির্দেশনা অনুযায়ী পড়াশোনার পরিকল্পনা করা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পড়াশোনার পরিকল্পনার ওপর নির্ভর করে অ্যাকাডেমিক সফলতা। তাই এর গুরুত্ব অত্যন্ত বেশি। শিক্ষার্থীর উচিত পড়াশোনার জন্য একটি সময় নির্ধারণ করা। এটি শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে সাহায্য করে। এর মাধ্যমে তারা বুঝতে পারে কোন বিষয়ের প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং কোন পথে এগোতে হবে। পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীরা সময়কে কার্যকরভাবে ব্যবস্থাপনা করতে পারে, যা পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং ব্যক্তিগত জীবন সব কিছু ছন্দে চলতে সাহায্য করে।

ক্যাম্পাসের সঙ্গে পরিচিত হওয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শিক্ষার্থীর আরেকটি অবশ্য পালনীয় কর্তব্য হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, লাইব্রেরি, ল্যাব এবং অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে জানা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ক্যাম্পাসের সঙ্গে পরিচিত হওয়া শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে কিছু কার্যক্রমে অংশ নিলেই ক্যাম্পাসের সঙ্গে পরিচিত হতে পারবেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করুন। ক্যাম্পাস ট্যুরে অংশ নিন। ক্লাব এবং সংগঠনে যোগ দিন। ক্লাস এবং অফিস সময়সূচি সম্পর্কে জানুন। সিনিয়রদের সঙ্গে আলাপ করুন। অনলাইন রিসোর্স ব্যবহার করুন। ক্যাম্পাসের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবহনব্যবস্থা ইত্যাদি সম্পর্কে জেনে নিন।

প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ

পাঠ্যপুস্তক, নোটবুক, স্টেশনারি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন। পড়াশোনা একটি প্রক্রিয়া। প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ আপনাকে এই প্রক্রিয়ার ভেতর প্রবেশ করতে মানসিকভাবে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজ, সুন্দর ও সফল করতে সহায়তা করে। যেমন : প্রয়োজনীয় বই, নোট এবং অন্যান্য শিক্ষাসামগ্রী সংগ্রহ করা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কাজ সহজ করে। সঠিক উপকরণ থাকলে পড়াশোনা আরও কার্যকর হয়।

ক্লাসে উপস্থিত থাকা

নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শিক্ষক/শিক্ষিকাদের পাঠদান মনোযোগ সহকারে শুনতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ক্লাসে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসে উপস্থিত থাকলে শিক্ষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়। শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্লেষণ দেন যা পাঠ্যপুস্তকে থাকে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যা শিক্ষার্থীদের চিন্তাভাবনা প্রসারিত করে এবং বিষয়বস্তুর গভীরতা বুঝতে সাহায্য করে। তাছাড়া এতে সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া এবং বন্ধুত্ব গড়ে তোলা সহজ হয়, যা ভবিষ্যতে ক্যাম্পাস জীবনে তো বটেই পেশাগত জীবনেও কাজে লাগে। ক্লাসের আলোচনায় অনেক সময় পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর পাওয়া যায়, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার তাই বিকল্প নেই।

গ্রুপ স্টাডি

সহপাঠীদের সঙ্গে গ্রুপ স্টাডি করুন। এতে জ্ঞান বিনিময় হয় এবং কঠিন বিষয়গুলো সহজে বোঝা যায়। গ্রুপ স্টাডির মাধ্যমে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ও জ্ঞানসম্পন্ন সহপাঠীরা একসঙ্গে আলোচনা করে কোনো বিষয়বস্তুর গভীরে যেতে পারে, যা এককভাবে করা সম্ভব নয়। বিভিন্ন ধারণা ও মতামতের বিনিময়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব জ্ঞান ও ধারণাকে উন্নত করতে পারে। এটি তাদের সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটায়। দলগত অধ্যয়নে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দলীয় আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে সমাধানের উপায় খুঁজে পাওয়া যায়।

সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ

বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করা জরুরি। যেমন : ডিবেট ক্লাব, স্পোর্টস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন প্রভৃতি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অতিরিক্ত কার্যক্রমে অংশগ্রহণ ব্যক্তিত্ব উন্নয়নে ও যোগাযোগ দক্ষতা অর্জনে সহায়তা করে। এটি প্রতিভা ও নেতৃত্ব ক্ষমতার বিকাশে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত