রাজধানীর ধানমন্ডিতে দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক আইনজীবীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া আইনজীবীর নাম নগেন্দ্রনাথ মিত্র (৮০)। তার ছেলে দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেবদুলাল মিত্র জানান, দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার বিপরীতে সোনালী ব্যাংক থেকে টাকা তোলেন বাবা। এরপর তিনি হেঁটে ধানমন্ডির শংকর এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। তখনই তিন তরুণ তাকে ঘিরে ধরে। তারা কোমরে ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে। পরে ওই তরুণরা নিজেরাই পকেট থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যায়। ওই সময় আশপাশে অনেক লোকজন থাকলেও কেউ এগিয়ে যাননি।
কিছুদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় প্রায়ই ছিনতাই- ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই সড়কে চলাফেরা অনিরাপদ হয়ে পড়ে। এবার ভরদুপুরে ছিনতাইয়ের এ ঘটনা ঘটল। এসব ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
