ভারতের জাতীয় দল কিংবা আইপিএল- কোনো জায়গাতেই বিরাট কোহলি এখন আর অধিনায়ক নন। কিন্তু আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে আবারও অধিনায়ক করতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জনের কারণ- ফাফ ডুপ্লেসিসকে ছেড়ে দেওয়া এবং ২১ কোটি রুপিতে কোহলিকে ধরে রাখা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট।
গত মৌসুমে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডুপ্লেসিস। এবার তার পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস এবং মোহাম্মদ সিরাজকেও ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। সবাইকে এবার নিলামে উঠতে হবে। বিষয়টি নিয়ে বোবাট বলেন, ‘আমরা শক্তিশালী দল তৈরি গড়তে চাই। আমরা যে ক্রিকেটারদের ধরে রেখেছি তা খুবই ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছি।’
বিরাট কোহলিকে অধিনায়ক করার বিষয়ে তিনি বলেন, ‘দলের নেতৃত্ব নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে। কিন্তু এখনও আমরা দলের অধিনায়ক নির্বাচন করিনি। ফাফ ডুপ্লেসিস দুর্দান্ত অধিনায়ক, কিন্তু আমরা তাকে রাখিনি। দলের জন্য সে যা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। নেতৃত্ব নিয়ে এখনও আলোচনা বাকি। নিলামের পরিকল্পনার সময় বিষয়টি অবশ্যই মাথায় থাকবে।’
বেঙ্গালুরুর এই কর্মকর্তার দাবি, তারা ভারতীয় তারকাদের দলে প্রাধান্য দিতে চান, ‘নিলামে আমরা অবশ্যই শক্তিশালী দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মৌসুমে খুব ভালো খেলেছে। রজত তো স্পিনারদের বিপক্ষে ভালো খেলে। আর দয়াল নতুন বল সুইং করাতে পারে। এজন্যই তাদের রাখা হয়েছে।’
স্থানীয়দের প্রাধান্য দেওয়ার কথা বললেও সিরাজকে কেন ধরে রাখল না বেঙ্গালুরু? এমন প্রশ্নে বোবাট বলেন, ‘সিরাজকে না রাখার সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল। তার অবদান আমরা মনে রাখব। বেশ কয়েকবছর ধরেই সে বেঙ্গালুরু এবং ভারতের হয়ে পারফর্ম করেছে। কিন্তু নিলামে বেশি ক্রিকেটার কেনার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বোলিং আক্রমণেও আমাদের ভারসাম্য প্রয়োজন।’
ভবিষ্যতে কোচিং করাবেন কি না- জানালেন মেসি
ঋণের টাকা ফেরত না দেওয়ায় সাকিবের কম্পানিকে আইনি নোটিশ
২০২৬ বিশ্বকাপ নিয়েই বেশি প্রশ্ন শুনতে হয় মেসিকে
মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব নাকি কাজী সালাউদ্দিনের!