চাল আমদানিতে শুল্ক তুলে নিল সরকার

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০১:৪৮ এএম

সরবরাহ বৃদ্ধি করে দেশের বাজারে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চালের ওপর থাকা সব আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চালের ওপর বিদ্যমান ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এর ফলে চালের ওপর মোট আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ করা হবে।

এনবিআর আশা করছে, আমদানি এবং নিয়ন্ত্রণ শুল্ক মওকুফের ফলে চালের দাম স্থিতিশীল হবে এবং এটি সাধারণ ভোক্তার জন্য আরও সহজলভ্য হবে। এই পদক্ষেপ চালের সরবরাহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দাম সাশ্রয়ী রাখবে; যাতে ভোক্তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহজলভ্য হয়। এর আগে, চালের দাম কমাতে ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছিল আমদানি শুল্ক। তবে, এতে ফল আশানুরূপ পাওয়া যায়নি। আমদানি শুল্ক মওকুফ করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) থেকে এনবিআরকে অনুরোধ জানানো হয়। এরপরেই এ সিদ্ধান্ত নেয় এনবিআর। গত বৃহস্পতিবার একটি সংবিধিবদ্ধ নিয়ামক আদেশ (এসআরও) জারি করা হযেছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত