দেশে ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া এই পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে ০-৫ বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও দুজন চট্টগ্রাম বিভাগে ভর্তি ছিল।
এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মারা গেল ৪৫ জন ও বছরের মোট মৃত্যু দাঁড়াল ৩৪২ জন।
এ বছর মে মাস থেকে রোগীর সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গুতে মৃত্যুও বাড়তে থাকে। সে মাসে মারা যায় ১২ জন। পরের মাস জুনে আট, জুলাইয়ে ১২ জন, আগস্টে ২৭ জন,: সেপ্টেম্বরে ৮০ ও অক্টোবরে বছরের সর্বোচ্চ ১৩৪ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলে ৬৯ হাজার ৯২২ জন।
গতকাল শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪২ জন। এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৫০, বরিশাল বিভাগে ৬, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২০, রাজশাহীতে ৯, রংপুর বিভাগে এক এবং সিলেট বিভাগে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৯২২ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৩৪২ মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৮০ শতাংশ পুরুষ।
গত কয়েক বছর ধরে বছর জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছিল ২ লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়।
২০২০ সালে করোনা মহামারীর সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যায়। এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।
