১০ দিনে ডেঙ্গু রোগী ১০৫৭৬ মৃত্যু ৫৮

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০২ এএম

দেশে গত ১০ দিনে সাড়ে ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দৈনিক গড় রোগী ছিল ১ হাজারের বেশি। দৈনিক গড় রোগীর এই সংখ্যা এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ। এর আগে গত মাসে দৈনিক গড় রোগী ছিল ৯৯৬ জন। সে মাসে রোগী ছিল ৩০ হাজার ৮৭৯ জন। চলতি নভেম্বর মাসে এখনই রোগী পৌঁছেছে ১০ হাজার ৫৭৬ জনে।

অন্যদিকে, গত ১০ দিনে ডেঙ্গুতে ৫৮ জন মারা গেছে। দৈনিক গড় মৃত্যু ছিল পাঁচজনের বেশি, যা এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ। এর আগে গত মাসে দৈনিক গড় মৃত্যু ছিল চারজন। সে মাসে  মারা যায় ১৩৪ জন, যা বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। এ মাসে এখন পর্যন্ত মারা গেছে ৫৮ জন। গতকাল রবিবার রাতে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৩৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে এক দিনে সর্বোচ্চ রোগী ছিল ৫ নভেম্বর ১ হাজার ৩৭০ জন।

নতুন রোগীদের মধ্যে ৮৩০ পুরুষ ও ৫০৭ নারী। সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭৮০ জন, যা দিনে ভর্তি মোট রোগীর ৫৮ শতাংশ। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৭ ও ঢাকা দক্ষিণে ১৭২ জন ভর্তি হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ১৬২, খুলনা বিভাগে ১৩৯ ও বরিশাল বিভাগে ১০১ রোগী। এ ছাড়া রাজশাহী বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে ৪৮, রংপুর বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে পাঁচ রোগী ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে চার পুরুষ ও এক নারী। তাদের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে দুজন  করে এবং একজন ঢাকা বিভাগে ভর্তি ছিল।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৩৯৩ ও মারা গেল ৩৫৫ জন। সর্বোচ্চ রোগী পাওয়া গেছে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪১ হাজার ২৫৭ জন, যা বছরের মোট রোগীর ৫৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা উত্তর সিটিতে ১৫ হাজার ৪৯৮ ও ঢাকা দক্ষিণে ১৩ হাজার ৪৮৪ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৩৫৫ জন। তাদের মধ্যে ২৪৪ জন ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ভর্তি ছিল, যা মোট মৃত্যুর ৬৯ শতাংশ। তাদের মধ্যে সর্বোচ্চ মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ১৬১ জন, যা বছরের সর্বোচ্চ মৃত্যু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত