ইউপিডিএফের সংগঠক গুলিতে নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:১৭ এএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুদকছড়া ভারতবর্ষ পাড়ায় বিবাদমান দুই পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পানছড়ির সংগঠক নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তার নাম মিটন চাকমা (৩০)। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। মিটন চাকমা ইউপিডিএফের পানছড়ির সংগঠক।

তবে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেছেন, জনসংহতি সমিতির (সন্তু লারমা) একদল সশস্ত্র গ্রুপের সদস্য ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালালে মিটন চাকমা নিহত হন। মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোল বাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।

বিবৃতিতে অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এর আগে ৩০ অক্টোবর একই উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ি শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের হামলায় তিন ইউপিডিএফ কর্মী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত