নরসিংদীর পলাশে রাতের আঁধারে ৫০ শতক জমিতে চাষ করা কৃষকের ফলন্ত শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী ওই কৃষক। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা বলেন, পলাশ উপজেলার গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূঁইয়া ৫০ শতক জমিতে শিমের আবাদ করেন। দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। কিন্তু রাতে দুর্বৃত্তরা ৫০ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মোহন চাঁন ভূঁইয়া বলেন, ‘সোমবার সকালে জমিতে পরিচর্যা করতে গিয়ে দেখতে পাই সবগুলো শিমগাছের ডগা ও পাতা নুইয়ে পড়েছে। পরে দেখি শিমগাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। বাগানের প্রতিটি গাছে ফল ধরা শুরু হয়েছিল। বিভিন্ন জায়গায় ধারদেনা করে গাছগুলো রোপণ করেছিলাম।’
পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, শিমগাছগুলো কেটে ফেলার সংবাদ পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি। পলাশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
