গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করল সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিটকার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যরা। এই বিষয়ে গতকাল রবিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাইটেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ) এবং সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাইটেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরও প্রসারিত হলো। বিজ্ঞপ্তি
