অস্থিরতায় এজেন্ট ব্যাংকিংয়ে আমানত কমল ৫৪৩ কোটি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ এএম

জুলাই মাসে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের ব্যাংক খাতে স্থবিরতা এসেছে। এর প্রভাব পড়েছে এজেন্ট ব্যাংকিংয়ে। টানা রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছরের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আমানত কমেছে ১২ শতাংশ। এজেন্ট ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাবধারীর সংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৫৩৮টি। আর তিন মাস পর অর্থাৎ সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ লাখ ৮৯ হাজার ১০৯টি। সেই হিসাবে তিন মাসে হিসাব বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭৫১টি।

২০২৪ সালের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ ছিল ৪০ হাজার ৭৩ কোটি টাকা। আর ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫২৯ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে এজেন্ট ব্যাংকিংয়ে আমানত কমেছে ৫৪৩ কোটি টাকা বা ১২ দশমিক ৩০ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, উচ্চ-মূল্যস্ফীতির একটা বড় প্রভাব প্রান্তিক মানুষের ওপর পড়েছে। যার ফলে আমানত কমতে পারে। এছাড়াও গত বছরের জুন থেকে ব্যাংকিং খাতে প্রতি মাসেই ঋণের সুদহার বাড়ছে। যার কারণে গ্রাহকরাও ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করছেন। প্রতিবেদন বলছে, চলতি বছরের জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ঋণ বিতরণের স্থিতি ছিল ১৮ হাজার ৭৪১ কোটি। আর চলতি বছরের সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ২১ হাজার ৮৯ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে ঋণ বিতরণের স্থিতি বেড়েছে ২ হাজার ৩৪৮ কোটি টাকা।

প্রতিবেদন বলছে, এজেন্ট ব্যাংকিং গ্রাহকের বড় অংশই গ্রামের মানুষ। এ সময়ে গ্রামে গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন। এছাড়া, এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্টধারীদের মধ্যে নারী গ্রাহকের সংখ্যা এখন ১ কোটি ১৭ লাখ ৪ হাজার ৮৪৬ জন।

এজেন্ট ব্যাংকিংয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যাংকের সঙ্গে লেনদেন সহজ করতেই মূলত এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে। সাময়িকভাবে কোনো মাসে লেনদেন কমতে পারে। তবে বাস্তবিক অর্থে এটা এখন সারা দেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সাধারণ মানুষ হাতের কাছে ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারছেন। এমনকি সাধারণ মানুষ এখন এসব এজেন্ট ব্যাংকিং থেকে ঋণও নিতে পারছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত