ভিওএর জরিপ

ভারতকে পছন্দ ৫৩.৬%, অপছন্দ ৪১.৩% বাংলাদেশির

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

বাংলাদেশের ৫৩.৬ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে পছন্দ করেন। আর অপছন্দ করেন ৪১.৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানকে অপছন্দ করেন ২৮.৫ শতাংশ বাংলাদেশি। ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার জরিপের এসব তথ্য তুলে ধরা হয় ভিওএ বাংলার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে।

জরিপের ফলাফলে দেখা গেছে, ভারত ও পাকিস্তান উভয় দেশেরই একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বাংলাদেশে। দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কেও ভালো ধারণা পোষণ করেন।

জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ এবং ২ মিলে হয় ‘পছন্দ’ এবং ৪ ও ৫ মিলে ‘অপছন্দ।’ উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ স্কেলে বাছাই করেন। ভারতের পছন্দের স্কোর ছিল ৫৩.৬ শতাংশ।

জরিপের ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মত দেন। ভারতের ‘অপছন্দ’ স্কোর ছিল ৪১.৩ শতাংশ।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার হচ্ছে, বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’। মিয়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে রেখেছেন ৫৯.১ শতাংশ উত্তরদাতা এবং ‘পছন্দ’ স্কেলে ২৪.৫ শতাংশ মত দেন।

অন্যান্য বাছাই করা দেশের মধ্যে, ‘পছন্দ’ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় (৬৮.৪ শতাংশ)। চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এবং যুক্তরাজ্যও (৬২.৭ শতাংশ) বেশি দূরে ছিল না।

গত ১৩ থেকে ২৭ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশ জুড়ে এই জরিপটি করে। ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী জরিপটি পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড।

জরিপটি ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটারের সাহায্যে টেলিফোনে সাক্ষাৎকারের মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে পরিচালিত হয়।

জরিপের ফলাফলে দেখা যায়, ভারত এবং পাকিস্তান সম্পর্কে ধর্মের ভিত্তিতে পার্থক্য রয়েছে পছন্দ এবং অপছন্দে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করেন। অমুসলিম (হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ) উত্তরদাতাদের ৪.২ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করেন। ভারতকে ‘পছন্দ’ স্কেলে মত দেন মুসলিম উত্তরদাতাদের ৫০.৭ শতাংশ আর অমুসলিম উত্তরদাতাদের ৯০.১ শতাংশ। পাকিস্তানের পক্ষে ‘পছন্দ’ স্কেলে ভোট দেন মুসলিম উত্তরদাতাদের ৬০.১ শতাংশ আর অমুসলিম উত্তরদাতাদের ৪৪.১ শতাংশ।

আবার বয়সভেদেও ফলাফলের পার্থক্য রয়েছে। তরুণদের মধ্যে পাকিস্তানের প্রতি ‘পছন্দ’ ভারতের চেয়ে অনেক বেশি। কিন্তু ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে পছন্দের স্কেলে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে আছে।

উত্তরদাতাদের মধ্যে যারা ১৮-৩৪ বছর বয়সী, তাদের ৪৭.৮ শতাংশ ভারতকে ‘পছন্দ’ এবং ৪৯.৩ শতাংশ ‘অপছন্দ’ করেছেন। ৩৫ বছরের ঊর্ধ্বে যেসব উত্তরদাতা ছিলেন, তাদের মধ্যে ভারতকে ৫৯.৮ শতাংশ ‘পছন্দ’ আর ৩৫ শতাংশ ‘অপছন্দ’ করেছেন।

পুরুষ উত্তরদাতাদের মধ্যে ভারতকে ‘পছন্দ’ করেন ৫২ শতাংশ, আর ৬৪.৪ শতাংশ ‘পছন্দ’ করেন পাকিস্তানকে। তবে নারী উত্তরদাতাদের মধ্যে ৫৫.৩ শতাংশ ভারতকে ‘পছন্দ’ করেন। আর ৫৩.২ শতাংশ পাকিস্তানের ‘পছন্দ’ স্কেলে মত দেন।

শহুরেদের মধ্যে ৫০.৪ শতাংশ ভারতকে ‘পছন্দ’ স্কেলে মত দিয়েছেন। আর পাকিস্তানকে দিয়েছেন ৬৩.৯ শতাংশ। মফস্বলের উত্তরদাতাদের ৫৪.৭ শতাংশ ভারতকে ‘পছন্দ’ করেছেন আর পাকিস্তানকে ‘পছন্দ’ করেছেন ৫৭.৩ শতাংশ।

সার্বিকভাবে, ভারত এবং পাকিস্তান ‘পছন্দ’ স্কেল প্রায় সমান হলেও, ‘অপছন্দের’ স্কেলে ভারতের পাল্লা বেশি ভারি। এর কারণ হিসেবে অনেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকাকে দায়ী করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত