হাতকড়া নিয়ে মায়ের দাফনে যুবলীগ নেতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ এএম

কুমিল্লার লালমাইয়ে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন এক যুবলীগ নেতা। তার নাম আব্দুল মোতালেব। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি। মায়ের লাশ বহনের সময় তার হাতে হাতকড়া ছিল। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আব্দুল মোতালেব লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক। গত ১২ ডিসেম্বর সকালে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাতে আব্দুল মোতালেবের মা হাফেজা খাতুনের মৃত্যু হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আব্দুল মোতালেবের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়। গতকাল বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার। এরপর হাতকড়া পরা অবস্থায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরের নিজ বাড়ির পাশের মাঠে মায়ের জানাজায় অংশ নেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, প্যারোলে মুক্তি পেয়ে তিনি প্রথমে বাড়িতে যান। মৃত মাকে দেখেন। পরিবারের সদস্যদের সান্ত¡না দেন। এরপর হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন। মায়ের লাশের খাটিয়া কাঁধে বহন করেন।

জানাজা-পূর্ব বক্তব্যে আব্দুল মোতালেব বলেন, ‘আমার নসিব খারাপ। ২০০২ সালে যখন আর্মিরা আমারে ধরেছিল (গ্রেপ্তার) তখন আমার বাবা স্ট্রোক করে মারা গিয়েছেন। এ বছর আমারে ধরার পর আমার মা মারা গিয়েছেন। সেই বিপদে বাবাকে হারাইছি। এই বিপদে মাকে হারাইছি। আমার মা-বাবার জন্য সবাই দোয়া করবেন।’

যুবলীগ নেতার আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১১ ডিসেম্বর বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানকে কোনো মামলা ছাড়াই বাগমারা বাজার থেকে আটক করে ডিবি পুলিশ। পরদিন সকালে লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মোতালেব, বাগমারা দক্ষিণ যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মোহন, আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর আটক আবদুর রহমানকে দেখতে কুমিল্লা ডিবি কার্যালয়ে যান। তখন ডিবি পুলিশ তাদেরও গ্রেপ্তার দেখায়।’

এ বিষয়ে লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘প্যারোলে মুক্তি পেয়ে কারাগারে থাকা দুতিয়াপুর গ্রামের আব্দুল মোতালেব মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন। জেলা পুলিশের একটি টিম তাকে বাড়িতে এনে জানাজা শেষে আবার নিয়ে গেছে। আমাদের থানা-পুলিশের একটি টিমও নিরাপত্তা সহায়তায় সেখানে ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত