কার্বন নিরপেক্ষ পৃথিবীর চাবি ভূপৃষ্ঠের নিচেই!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

বিজ্ঞানীরা ভূপৃষ্ঠের নিচে একটি বিশাল হাইড্রোজেন গ্যাসের মজুদ আবিষ্কার করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের এক গবেষণায় এই বিপুল সম্ভাবনার কথা জানা যায়। বিজ্ঞানীরা মনে করছেন, এই বিপুল পরিমাণ হাইড্রোজেন উত্তোলন করা গেলে, তা শক্তির চাহিদা পূরণে একটি নতুন, পরিবেশবান্ধব ও টেকসই সহায়ক হতে পারে।

পরিবেশবান্ধব শক্তির অপ্রতুলতা জলবায়ু সংকটের মূল সমস্যা বলে আলোচিত। তাই দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশবান্ধব শক্তির সন্ধানে গবেষণা চালিয়ে আসছেন। এ অবস্থায় পৃথিবীপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা হাইড্রোজেনের এই বিশাল মজুদ আবিষ্কার রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

তবে প্রশ্ন হলো এই নতুন শক্তির উৎস আসলে কতটা প্রভাব ফেলতে পারবে? পৃথিবীর প্রাকৃতিক ভূ-রাসায়নিক প্রক্রিয়ার সময় ভূগর্ভস্থ হাইড্রোজেন গঠিত হয়। এখন পর্যন্ত এটি পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া গেছে, যেমন আলবেনিয়া ও মালি। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় বলা হয়েছে, এই হাইড্রোজেন মজুদ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে।

গবেষকরা মনে করছেন, এই ভূগর্ভস্থ হাইড্রোজেনের মাত্র ২ শতাংশও উত্তোলন করে যে শক্তি পাওয়া যাবে, তা পৃথিবীর সব প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দ্বিগুণ।

বর্তমানে মূলত জীবাশ্ম জ্বালানি থেকে বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন উৎপন্ন হয়। এতে প্রচুর পানি ব্যবহার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ কার্বন ফুটপ্রিন্ট সৃষ্টি করে। অন্যদিকে, ভূগর্ভস্থ হাইড্রোজেন উত্তোলন তুলনামূলক কম কার্বন নিঃসরণ করবে। যদিও এখন পর্যন্ত মালি ছাড়া আর কোথাও এটি উত্তোলন করা হচ্ছে না।

নতুন গবেষণার জন্য, মার্কিন জিওলজিক্যাল সার্ভের গবেষকরা একটি মডেল তৈরি করেছেন, যার সাহায্যে পৃথিবী জুড়ে এই হাইড্রোজেন রিজার্ভের আকার অনুমান করা গেছে। তবে এখনই সারা পৃথিবীতে এই হাইড্রোজেন উত্তোলনের উদ্যোগ নেওয়া উচিত কি না এ বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ভূতাত্ত্বিক বিজ্ঞানী প্রফেসর বিল ম্যাকগুয়াইর বিবিসি সায়েন্স ফোকাসকে বলেছেন, ‘এভাবে এত বড় পরিসরে হাইড্রোজেন উত্তোলন করে যদি আমরা কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু সংকট সমাধান করতে চাই, তবে তার জন্য একটি বিশাল বৈশি^ক উদ্যোগের প্রয়োজন হবে, বাস্তবে আমাদের হাতে এত সময় নেই।’

তাই এই বিপুল ভূগর্ভস্থ হাইড্রোজেনের উৎস আবিষ্কার অনেক বড় অর্জন পরিগণিত হলেও এটি জলবায়ু সংকট সমাধানে কেমন ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত