বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ‘বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না।’ প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয় বরং গত ১২ মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা দেশের খেতাব দেওয়ার ক্ষেত্রে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশের নবযাত্রা শুরুর বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন ইকোনমিস্টের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিস।
প্যাট্রিক ফোলিস জানতে চান, বাংলাদেশে ইসলামি চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা, বিষয়টিকে কীভাবে দেখছেন? জবাবে ড. মুহাম্মদ ইউনূস জানান, ‘বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না।’
বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশের প্রকৃত চিত্র যেটা, সেটাই তুলে ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস। ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ। বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী। শত শত বছর ধরে তারা পাশাপাশি বসবাস করছে শান্তি ও সম্প্রীতির সঙ্গে। তাদের মধ্যে হিংসা-বিদ্বেষ, বিরোধ-সংঘাত ধর্মীয় কারণে কখনোই দেখা যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিত। এই যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ, এর পেছনে নিয়ামক ভূমিকা রয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের।
