নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ এএম

নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে।’ গতকাল মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে অনেক সংকট থাকলেও বর্তমান সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার। সেটাই এ সরকার করতে চায় এবং গণ-অভ্যুত্থানে জনগণের যে আকাক্সক্ষা সেটি বাস্তবায়ন করতে চায়।’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি টাইমলাইন দেওয়া হয়েছে যে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা হবে। তবে এ সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের সংস্কার কার্যক্রমের ওপর।’ তিনি বলেন, ‘তিন মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের রিপোর্ট প্রকাশ করবে। সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের (অংশীজনদের) সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রমের দিকে সরকার যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই আমরা নির্বাচনের দিকে যাব, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করছে।’

এখন তিনি আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘আমি বর্তমান সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি। তাই নির্বাচনের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কারও কী সিদ্ধান্ত, সেটা আমি বলতে পারব না।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন এবং এ ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান ও সব প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারের এজেন্ডা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারকাজ শেষ করা হবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘কাউকে এখানে বাদ দেওয়া হচ্ছে না, সবাইকে সঙ্গে নিয়ে এই সংস্কার করা হচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক সরকারের কাজ করার ক্ষেত্রে অনেক সংকট আছে, সেই জায়গা থেকে এ সরকারের একটা সুযোগ আছে সংস্কার করার। সেটাই এ সরকার করতে চায় এবং গণ-অভ্যুত্থানে জনগণের যে আকাক্সক্ষা, সেটি বাস্তবায়ন করতে চায়। রাজনৈতিক দলগুলো বাইরেও জনগণের অনেক বড় একটি অংশ অভ্যুত্থানে এসেছিল। তাদের সেই আকাক্সক্ষা বাস্তবায়নেই সরকারের অগ্রাধিকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত