ওয়াজ মাহফিলের লক্ষ্য হোক দ্বীন প্রচার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ এএম

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর ওয়াজ মাহফিল হলো এই বিধান প্রচার-প্রসারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে এই পবিত্র প্ল্যাটফর্মটি মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে রং-তামাশা ও কৌতুকের আস্তরণে ঢেকে যাচ্ছে।

ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে একজন বক্তার প্রধান দায়িত্ব হলো মানুষের হৃদয়ে আল্লাহভীতি সৃষ্টি করা, সমাজের প্রচলিত কুসংস্কার, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কোরআন-সুন্নাহর আলোকে সঠিক দিকনির্দেশনা দেওয়া। কিন্তু এখন অনেক বক্তা কোরআন-হাদিসের গভীর জ্ঞান ছাড়াই শুধু বাকপটুতার মাধ্যমে শ্রোতাদের মনোরঞ্জনে ব্যস্ত। তাদের আলোচনায় ধর্মীয় গভীরতা ও বাস্তবিক শিক্ষার বদলে কৌতুক, অপ্রাসঙ্গিক গল্প এবং অতিরঞ্জিত আবেগের আধিক্য দেখা যায়।

এই পরিস্থিতির জন্য বক্তাদের পাশাপাশি সাধারণ মানুষও কমবেশি দায়ী। কেননা বক্তার জ্ঞান, চরিত্র বা ইসলামি মূল্যবোধের গভীরতা যাচাই না করেই তারা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে তথাকথিত বক্তাদের আমন্ত্রণ জানায়। বক্তা জনপ্রিয় কি না, তিনি কতটা হাসাতে পারেন বা কাঁদাতে পারেন, এসব বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ প্রকৃত ইসলামি জ্ঞান ও সমাজ সংস্কারমূলক বার্তা পৌঁছানোই একজন বক্তার প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই বিষয়ে কয়েকটি দিকনির্দেশনা তুলে ধরা হলো।

প্রকৃত আলেমদের মূল্যায়ন : ওয়াজ মাহফিল আয়োজকদের উচিত প্রকৃত আলেম ও ইসলামি স্কলারদের আমন্ত্রণ জানানো, যারা সত্যিকার অর্থে কোরআন-হাদিসের আলোকে মানুষের মাঝে ইসলামি শিক্ষা ছড়িয়ে দিতে পারবেন।

সচেতনতা বৃদ্ধি : সাধারণ মানুষকে সচেতন করতে হবে, যাতে তারা বক্তার বাহ্যিক চটকদার কথার চেয়ে তার জ্ঞান, চরিত্র ও দাওয়াতি মিশনকে বেশি গুরুত্ব দেন।

মান নিয়ন্ত্রণ : ওয়াজ মাহফিল আয়োজকদের উচিত বক্তাদের যোগ্যতা যাচাইয়ের একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা। শুধু ইসলামি জ্ঞান ও আদর্শবান ব্যক্তিদেরই ওয়াজের সুযোগ দেওয়া উচিত।

ওয়াজ মাহফিল একটি মহান দায়িত্ব এবং এটি যথাযথভাবে পালন করাই প্রত্যেক বক্তা, আয়োজক ও শ্রোতার নৈতিক কর্তব্য। যদি আমরা সবাই সচেতন হই এবং ওয়াজ মাহফিলকে মূল উদ্দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করি, তবে আমাদের সমাজে সত্যিকার অর্থে ইসলামের সঠিক বার্তা পৌঁছানো সম্ভব হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ওয়াজ মাহফিলের দ্বারা যেন মুসলিম জাতির কল্যাণ সাধিত হয় সেই তওফিক দান করুন। আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত