মির্জা ফখরুল বললেন

আ.লীগের বিদ্যুৎ খাতের প্রকল্পগুলো রিভিউ হবে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:২২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। বর্তমানে রাজনৈতিক বিতর্কের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতসহ অন্যান্য সেক্টরে যে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে সেগুলো নিচে পড়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্পগুলো রিভিউ করা হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বিদ্যুৎ এ জ্বালানি খাতে’ বিগত সরকারের দুর্নীতির ওপর তৈরি করা একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘কারণ আমরা মনে করি, বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এটি অনেক আগেই করা উচিত ছিল। রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের চুরি, লুটপাটের নিচে পড়ে যাচ্ছে। তারা সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, এটা মানুষ ভুলে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষের পকেট কেটে নিয়ে গেছে। আসলে তারা বিদ্যুৎকে একটা ব্যবসার খাত বানিয়েছিল। তারা বুঝতে পেরেছিল, এই খাত থেকে কুইক মানি বানানো যায় কোনো হিসাব না দিয়ে। এই ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা গত ১৫ বছরে প্রায় ১ লাখ কোটি টাকা নিয়ে চলে গেছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিদ্যুৎ খাতের কোনো চুক্তি পাবলিক প্রকিউরমেন্ট রুল মেনে করা হয়নি। জনগণের এগুলো দেখা উচিত, তারা কীভাবে এইগুলো করেছে। অন্তর্বর্তী সরকারের উচিত এগুলো উন্মুক্ত করে দেওয়া। আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ খাত যেকোনো সময়ে মুখথুবড়ে পড়বে। কারণ এগুলো টেকসই নয়।’

রূপপুর প্রকল্পের দুর্নীতির চিত্র তুলে ধরে টুকু বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্পের ৫০০ বিলিয়ন ডলার তারা (শেখ হাসিনাসহ তার পরিবার) নিয়ে গেছে। সেটা নিয়ে আরও তদন্ত হচ্ছে লন্ডনে টিউলিপের (ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানার মেয়ে) ব্যাপারে এবং আরও দুর্নীতি আছে।’ এ সময় তিনি বিদ্যুৎ খাতে প্রি-পেইড মিটার-বাণিজ্যে সিন্ডিকেটের কথা উল্লেখ করে বলেন, ‘এটা তাদের একটা সিন্ডিকেট।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, টুকু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত